এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. জাহিদ আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৯শে আগস্ট) সকালে উপজেলার ছোটদুধপাতিলা গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত জাহিদ আহমেদ চুয়াডাঙ্গা পৌরশহরের গুলশানপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার বিকালে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে জাহিদ আহমেদ নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ৮৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়৷ জব্দকৃত আলামতসহ আটককৃত যুবককে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।