বেকারিতে অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় বেকারি ও রেস্টুরেন্ট ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় জেলা শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ এলাকায় মেসার্স অভি ফুড প্রোডাক্টসের কারখানা তদারকিকালে দেখা যায়, নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। খাবারে আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সাধারণ লবণ। কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, মেঝেতে যত্রতত্র ছড়ানো রয়েছে কেক, পাউরুটি ও বিস্কুট। হাতে ক্ষত নিয়েই প্যাকেট করা হচ্ছে তৈরিকৃত এসব খাদ্যপণ্য। এছাড়া প্যাকেটের গায়ে যথাযথভাবে দেওয়া হচ্ছে না মেয়াদ ও মূল্য। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বিভা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবারে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সজল আহম্মেদ।