বরগুনা প্রতিনিধি:;  গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার বেঁধে দেয় সরকার। কিন্তু বরগুনার তালতলী উপজেলায় সরকারি তালিকাভুক্ত সাত হাজার ৮২১ জন জেলের মধ্যে ছয় হাজার ৭৪৬ জনকে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে।

সরকার জেলেদের জনপ্রতি ২৫ কেজি করে ১৬৮.৬৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। নিষেধাজ্ঞা শুরুর ৯ দিন অতিবাহিত হলেও এখনো চাল বরাদ্দ পাননি জেলেরা।ফলে পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন তারা।

জানা গেছে, গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। ওই নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। অবরোধকালীন তালতলী উপজেলার জেলেদের ২২ দিনের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ১৬৮.৬৫০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত সোমবার চালের ডিওতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর স্বাক্ষর করলেও জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় জনপ্রতিনিধিরা গত ৯ দিনেও জেলেদের মধ্যে চাল বিতরণ করেননি।

নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের জেলে সোলায়মান বলেন, ‘অবরোধের কারণে ৯ দিন ধরে নদীতে নামতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। দ্রুত বরাদ্দকৃত চাল বিতরণের জোর দাবি জানাই। ’

পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদার বলেন, ‘জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের ডিও এখনো হাতে পাইনি। আমরা জনপ্রতিনিধিরা এখন জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। ’

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, সরকার জেলেদের জন্য যে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে তা বিতরণ জন্য কার্যক্রম শুরু করা হয়েছে।

তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম মুঠোফোনে বলেন, গত সোমবার চালের ডিওতে ইউএনও স্যার স্বাক্ষর করেছেন। এরপর সকল ইউপি চেয়ারম্যানকে দ্রুত চাল তুলে বিতরণ করতে বলা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, দ্রুত জেলেদের মাঝে চাল বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।