অনলাইন ডেস্ক :: নওগাঁর নিয়ামতপুরে ফসলের জমিতে ছিটানো কীটনাশক খেয়ে বিদেশি প্রজাতির ৩৩টি রাজহাঁস মারা গেছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাঁসের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উপজেলার রামনগর গ্রামের আবু হোসেনের ছেলে শরিফুল ইসলাম ধর্মপুর গ্রামে তার নিজ জমিতে আগাছা দমনের জন্য বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন।
তবে বিষয়টি তিনি কাউকে জানাননি এবং কেউ জানেও না। সকালে ওই গ্রামের গৌর শীলের স্ত্রী তৃপ্তি রানী প্রতিদিনের মতো সেদিনও তার রাজহাঁসের পাল জমির ধারের বাগানে নিয়ে যান। সেখানে জমির আইলে গিয়ে ঘাস খেলে কিছুক্ষণ পর হাঁসগুলো অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ৩৩টি মা রাজহাঁসের মৃত্যু হয়। পরে তৃপ্তি রানী মৃত হাঁসগুলো নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দেন।
তৃপ্তি রানী বলেন, ‘আমি বা আমার পাড়ার কেউ তার জমির আইলে বিষ প্রয়োগের কথা জানে না। প্রতিদিনের মতো আজও আমি আমার হাঁসের পাল নিয়ে জমির পাশ দিয়ে বাগানে নিয়ে যাই। এ সময় জমির আইলে ঘাস খেয়ে সেখানেই অসুস্থ হয়ে মারা যায় হাঁসগুলো। এরপর আমি জমির মালিক শরিফুল ইসলামকে বিষয়টি বললে সে তার জমির আইলে বিষ প্রয়োগের কথা স্বীকার করে এবং সে আমাকে কিছু ক্ষতিপূরণ দিতে চায়। হাঁসগুলোই আমার সম্বল। প্রতিটি হাঁসের বর্তমান বাজারমূল্য প্রায় এক হাজার ৫০০ টাকা। সে হিসাবে ৩৩টি হাঁসের দাম বা আনুমানিক ৫০ হাজার টাকা। আমি এর সুষ্ঠু বিচার চাই। ’নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’