পটুয়াখালী প্রতিনিধি:: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, জেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লা বিদ্যুৎ ও সুপেয় পানি প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন, দরকারি ঔষধের ব্যবস্থা, পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহ, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরি সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রণ কক্ষ প্রস্তুত রাখার জন্য বিভিন্ন দপ্তর প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পুলিশ দুর্যোগকালীন সময়ে সচেতনতামূলক প্রচারণা, নিরাপত্তা প্রদান ও উদ্ধার কাজে সার্বিক সহযোগীতা করবে। এ ছাড়া নিজস্ব সক্ষমতা অনুযায়ী করোনাকালীন সময়ের মতো মানবিক সহায়তা প্রদান করবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানান, দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালী ও কলাপাড়া সার্কেলের আওতায় লোকবলসহ ১০ হাজার জিও ব্যাগ নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। আগামীকাল উপজেলাগুলোতে সভা করে জনগনকে সর্তক করার জন্য মাইকিং করা হবে বলে সভা থেকে জানানো হয়। জরুরী পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত নগদ টাকা, শুকনা খাবার জেলা প্রশাসনের হাতে রয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তর প্রধানগন, গনমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।