বরিশাল প্রতিনিধি:: বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ শনিবার সকালে গৌরনদীতে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জবাবে বহরে থাকা বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয় মাহিলাড়া মডার্ন ক্লাবে ভাঙচুর করেন ও যুবলীগ-ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন।
জানা গেছে, হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় দলের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শী মাহিলাড়া বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার সকালে একটি সাদা মাইক্রোবাস মাহিলাড়া বাজারের উত্তর পাশে ব্রিজের কাছে পৌঁছলে কয়েকজন যুবক গাড়িটিতে ইটপাটকেল মেরে ভাঙচুর করে।ভাঙচুর করা অবস্থায় গাড়িটি ঢাকার দিকে ফিরে যায়। এর কয়েক মিনিট পর ১৫ থেকে ২০টি মাইক্রোবাসের বহর মাহিলাড়া বাজারের উত্তর পাশে পৌঁছে গাড়িতে থাকা লোকজন নেমে এলোপাতাড়ি হামলা করতে করতে দক্ষিণ (বরিশালে) দিকে চলে যায়।
গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন বলেন, ‘নাশকতার আশঙ্কায় মাহিলাড়া দলীয় কার্যালয় পাহারায় ছিল কয়েকজন স্থানীয় নেতাকর্মী। (শনিবার) খুব সকালে বিএনপির সমাবেশে যাওয়া একটি গাড়ির বহর থেকে তাদের ওপর হামলা করা হয়। গাড়ির বহরে থাকা বিএনপির সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়িসহ অন্তত ১৫ জনকে আহত করেছে। এ সময় তারা মাহিলাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়েও হামলা-ভাঙচুর চালায়।
বরিশাল জেলা বিএনপির সদস্য ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির সাজ্জাত হান্নান শরীফ বলেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশালে সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়িবহর নিয়ে বরিশালের দিকে রওনা দেন। গাড়িবহরটি শনিবার সকাল সাড়ে ৫টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজার অতিক্রম করার সময় সেখানে থাকা সরকারি দলের নেতাকর্মীরা বহরটিকে ঘিরে ফেলে। ইশরাক হোসেন হাত জোড় করে তাদের বলেন, ‘আমরা ঢাকা থেকে এসেছি। বরিশালে সমাবেশে যাব। ‘ এ কথা বলার সঙ্গে সঙ্গে হামলা শুরু হয়। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার বহরের কয়েকটি গাড়ি। এ সময় ঢাকা দক্ষিণের অন্তত ১০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপিও পাল্টা হামলা করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি আত্মরক্ষার্থে হয়তো হামলা প্রতিহত করতে পারে। বিএনপি কোনো হামলা করেনি।গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান বলেন, ‘বিএনপির সমাবেশে যাওয়ার পথে ইশরাকের নেতৃত্বে মাহিলাড়া বাজারে বিনা উসকানিতে এলোপাতাড়ি হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনা তাদের পুর্বপরিকল্পিত। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ’
গৌরনদী মডেল ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘কার্যালয় ভাঙচুরের ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে। ’