ফাইল ছবি
অনলাইন ডেস্ক::
বালু বিক্রির পাওনা ২০০ টাকার জন্য শাহজাহান মিস্ত্রি (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।পাঁচ মাস আগে শাহজাহান মিস্ত্রি তার পাশের বাড়ির মৃত গনজ আলীর ছেলে আইচ উদ্দিনের বাড়ির কাজের জন্য ৪ হাজার টাকার বালু নেন। পরবর্তীতে শাহজাহান ৩ হাজার ৮০০ টাকা আইচ উদ্দিনকে দিয়ে ২০০ টাকা দেবেন না বলে জানালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরে স্থানীয়রা সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে বসে সালিসি বৈঠকের মাধ্যমে শাহজাহানকে পাঁচশত টাকা দেওয়ার নির্দেশ দিলে শাহজাহান সেই টাকা আইচ উদ্দিনকে দিয়ে দেন। মঙ্গলবার ভোরে নামাজ পড়ে ফেরার সময় আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে শাহজাহানকে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরবর্তীতে গুরুতর আহত শাহজাহানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এঘটনার পর থেকে আইচ উদ্দিনের পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইচ উদ্দিনের পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।