জব্দকৃত আলামতসহ পুলিশের মাঝে আসামি আব্দুর রাজ্জাক » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজাসহ ব্যাটারিচালিত একটি পাখিভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় আব্দুর রাজ্জাক (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। শুক্রবার (১৮ই নভেম্বর) সকালে আকন্দবাড়ীয়া গ্রাম হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই আহম্মেদ আলী বিশ্বাস এবং এএসআই তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে আকন্দবাড়ীয়া গ্রামের জনৈক মুকুল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে এক কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর।