নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): ভোলার চরফ্যাসন বাজারে থানা রোডের পূর্ব অংশে গ্যাস সিলিন্ডার থেকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সামনে থেকে ফায়ার ম্যানের ভূমিকা রেখে সর্বমহলে প্রশংসিত হয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পিঠা বিক্রেতা জামালের দোকানের সিলিন্ডারে হঠাৎ আগুন লাগে পরে পাশের দোকানের সামনের অংশে থাকা পেট্রোলের ড্রামেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় উপস্থিত লোকজনের চিৎকার শুনে থানায় থাকা অগ্নিনির্বাপক সহ সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপকের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ওসি মোরাদ হোসেন। এর মাধ্যমে তিনি ফায়ার ম্যানের ভূমিকা পালন করে বড় ধরণের দূর্ঘটনা ও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চরফ্যাসন বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের।
ওসি মোরাদ হোসেন জানান, থানায় ছিলাম, হঠাৎ সামনের রাস্তায় মানুষের চিৎকার শুনতে পাই, এগিয়ে গিয়ে দেখি থানার পূর্বে বাজারে আগুন লেগেছে। সাথে সাথে সহকর্মী পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে থানায় থাকা অগ্নিনির্বাপকের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনি।