এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও খারাপ পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। সোমবার (২১শে নভেম্বর) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, সোমবার বেলা ১২টার দিকে জীবননগর পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিকালে তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এছাড়া সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আজগর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স সাজঘরে তদারকি করে আমদানিকারকের স্টিকারবিহীন অবৈধ বিদেশি কসমেটিক্স, মেয়াদমূল্যবিহীন নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।