অনলাইন ডেস্ক:: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যান থেকে ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতক রয়েছেন ভ্যানচালক মিলন ওরফে ছোট বাবু। তিনি শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে।

রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যশোর-বেনাপোল হাইওয়ে দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ভ্যানের গতিরোধ করতে বলা হলে, দ্রুত ভ্যান ফেলে পালিয়ে যান চালক মিলন ওরফে ছোট বাবু।

এ সময় তল্লাশি চালিয়ে ভ্যানটির বডির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।