উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলসহ পুলিশের মাঝে গ্রেফতারকৃত চোর পিয়াস হোসেন » আপডেট নিউজ
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ এক চোর গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) রাতে সদর থানাধীন ভালাইপুর বাজারস্থ আমির হোসেন মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াস হোসেন (২০) চুয়াডাঙ্গা সদর থানাধীন মনিরামপুর গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে থানার এসআই মাসুদ রানা ও এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতভর চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভালাইপুর বাজারস্থ আমির হোসেন মার্কেটের সামনে হতে একটি রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় পিয়াস হোসেনকে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাঁর স্বীকারোক্তি ও দেখানো মতে চুয়াডাঙ্গা একাডেমি মোড়স্থ সওদাগর কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অপর একটি চোরাই ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার