ফাইল ছবি

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাফিন উপজেলার দেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও দেবিরচর বাজার এলাকার মো. রোমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালের দিকে শিশু রাফিন দেবিরচর দাখিল মাদরাসার ছাদে খেলতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে মুখ ও হাত ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় রাফিন।দুর্ঘটনার খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. মাহাবুবুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।