অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের শাহজাদপুরে রাবেয়া খাতুন (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের চর-জামিরতা দক্ষিণপাড়া গ্রামের নাজিম উদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রাবেয়া উপজেলার পোরজনা ইউনিয়নের চর-জামিরতা গ্রামের নাজিম উদ্দিন মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মেয়েটি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলো। বুধবার সকালে মেয়েটির সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হলে অভিমান করে মেয়েটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘসময় রুমের দরজা না খুললে মেয়েটিকে তার মা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার নিচ দিয়ে কেটে ঘরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।