নিজস্ব প্রতিবেদক:: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ বছর আগাম বন্যায় হাওরাঞ্চলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছে। এ বছর বন্যায় ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
বুধবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে হাওর অঞ্চলের টেকসই বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। কেবল ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণেই নয়, অর্থনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকেও সম্ভাবনার বিরাট স্থানজুড়ে আছে হাওর। হাওরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। হাওরাঞ্চলের নদী ও খালগুলো খনন করা হলে পানি সহজে বের হয়ে যাবে। সময়মতো ফসলের আবাদ করা যাবে। বাংলাদেশের মোট ধান উৎপাদনের একটি বড় অংশ আসে হাওর থেকে। ভবিষ্যতে হাওরের টেকসই বন্যা নিয়ন্ত্রণ করে খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জিত হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হাওরের জনগণের বিষয়ে সবসময়ই চিন্তা করেন।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ফজলুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাদ বক্তব্য রাখেন।