ছবি: আপডেট নিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের দায়ে মেসার্স নাঈম ট্রেডার্সের স্বত্বাধিকারী হাসানুন নাঈমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২রা জানুয়ারি) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা গেট ও থানামোড় এলাকায় সার-বীজ-কীটনাশক, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিকালে উপজেলা গেটের সামনে মেসার্স নাঈম ট্রেডার্সে এক হাজার ১০০ টাকার টিএসপি সার এক হাজার ৭৮০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসানুন নাঈমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন এবং দামুড়হুদা থানার এসআই ওবাইদুর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর