অনলাইন ডেস্ক:: দিনাজপুরের বিরামপুর আকরামুল হক নামের এক ইউপি সদস্যসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৩৮০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আকরামুল হক(৪৭) বিরামপুর কঞ্চিগাড়ি গ্রামের নজিবুদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দিওড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বর্তমান সদস্য এবং দিওড় গ্রামের ওয়াজেদ হোসেনের ছেলে মোক্তার হোসেন (২৮)।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন গোল চত্বর মোড় এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই জন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা এবং নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।