গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ চার সদস্যকে আটক করেছে র্যাব-১। রবিবার (২ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুরের শামীম (২৩), গাজীপুরের সালমন মিয়া (২২), রংপুরের রবি রায় (২০) এবং ঢাকার নুরনবী ওরফে বাবু (৪২)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢাকা-গাজীপুর মহাসড়কের টঙ্গীর সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দলনেতা শামীমসহ চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু ও দুইটি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ‘আটক চার জনকে রবিবার দুপুরে থানায় হস্তান্তর করেছে র্যাব। সোমবার (৩ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে।’