নিজস্ব প্রতি‌বেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিনটি যানের সংঘর্ষে  মোটরসাইকেলচালক ও অরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল)  বিকালে বরিশাল-পটুয়াখালী সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মোশারেফ হোসেনে ছেলে মোটরসাইকেলচালক মো. ফেরদৌস (৩৮) এবং রাঙাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে কবির চৌকিদার (৬৫)।বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, কবির চৌকিদার তার চাচাতো ভাই হাসানকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফেরদৌস। এ সময় একই দিকে যাচ্ছিল একটি পিকআপ।

পথে পটুয়াখালীগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির চৌকিদার মারা যান। স্থানীয়রা আহত মোটরসাইকেলচালক ফেরদৌস ও আরোহী হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ রেখে পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি এসএম মাকসুদুর জানান।