অনলাইন ডেস্ক:: যশোরের অভয়নগরে নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে বিক্রির সময় চার কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে। ছাগলের মালিক মাসুদ মোল্যা বাদী হয়ে আটক চার কিশোরের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আটক চারজন হলেন উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ার রবিন বৈরাগীর ছেলে সুজয় বৈরাগী (১৯), একই গ্রামের জগনাথ রায়ের ছেলে মহানন্দ রায় (২০), বাশান বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (১৭) ও দেবানন্দ রায়ের ছেলে দ্বীপ রায় (১৭)।
জানা গেছে, আজ শনিবার সকালে চার কিশোর একটি ছাগল বিক্রির জন্য সুন্দলী বাজারে নিয়ে যায়। প্রদ্যুত নামে এক কাঁচামাল ব্যবসায়ী ছাগলটি কিনতে চাইলে তারা পাঁচ হাজার টাকা দাবি করে। দরকষাকষির একপর্যায়ে এক হাজার পাঁচশত টাকায় ছাগল বিক্রি করতে রাজি হয় তারা। বিষয়টি সন্দেহ হলে ওই ব্যবসায়ী ছাগল আটকে রেখে বাজারের লোকজন ডাকেন। এ সময় ওই চার কিশোর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ উদ্ধারকৃত ছাগলসহ চার কিশোরকে নিয়ে যায়।
আটক চার কিশোর জানায়, তারা নেশার টাকা জোগাড় করতে নিজ গ্রাম থেকে ছাগল চুরি করে সুন্দলী বাজারে বিক্রির জন্য নিয়েছিল।
ছাগলের মালিক উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের মাসুদ মোল্যা জানান, সকালে বাড়ির সামনে থেকে আমার একটি ছাগল হারিয়ে যায়। পরে জানতে পারি চার কিশোরসহ ছাগলটি থানা হেফাজতে রয়েছে। দুপুরে ওই চার কিশোরের বিরুদ্ধে ছাগল চুরির দায়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি। ঘটনা স্বীকার করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, ছাগল চুরির দায়ে সুন্দলী বাজার থেকে চার কিশোরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।