বিজিবির মাঝে স্বর্ণের বারসহ আটককৃত শাহাবুল মিয়া

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ই এপ্রিল) রাত ৯টার সময় জীবননগর বিজিবি ক্যাম্প এর পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহাবুল মিয়া জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মৃত মোকছেদ মণ্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানতে পারেন, একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্য সীমান্তের দিকে যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল জীবননগর ক্যাম্প এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করেন।

রাত আনুমানিক ৯টার দিকে একজন ভ্যান চালক সীমান্তের দিকে যাওয়ার সময় জীবননগর ক্যাম্পের পাশ থেকে তাকে আটক করে উদ্ধার করা হয় ২০টি স্বর্ণের বার। স্বর্ণের বারগুলো ভ্যানের সিটের পিছনে লুকানো ছিল। জব্দকৃত স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ২৯২ টাকা।

শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্য পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত শাহাবুল মিয়াকে জীবননগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।