পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকীতে আগুনে ভস্মীভূত হলো চারটি বসতঘর। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ইউনিট চর বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ এপ্রিল) আনুমানিক রাত পৌনে ১২টার দিকে সরকার বাড়ির মোসলেম সরকারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ৯৯৯-এ কল পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ইউনিট এলে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি।
ক্ষতিগ্রস্তরা হলেন- মো. ইউনুস সরকার, মোসলেম সরকার, কালাম সরকার ও মনির সরকার। তাদের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কোনো মালামাল রক্ষা করতে পারেননি।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, অতীব দুঃখের বিষয় যে দুমকিতে একটা ফায়ার সার্ভিস স্টেশন নেই। থাকলে এ ধরনের ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যেত।রাতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।