ভোলা প্রতিনিধি:: ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় এদের কাছ থেকে দুইটি ট্রলার, তিন হাজার কেজি ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান। আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় মেঘনা নদী থেকে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে তিন হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ট্রলারে থাকা দুই শ্রমিক মো. সামছুদ্দিন ও মো. হাসানকে ট্রলারসহ আটক করা হয়। পরে আটককৃত দুই শ্রমিককে ট্রলারসহ মৎস্য কর্মকর্তার নির্দেশে মুচলেকা নিযে ছেড়ে দেওয়া হয়। এবং জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
উল্লেখ, ইলিশের অভয়াশ্রম হওয়ায় গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়ার থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।