বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবন থেকে একটি চিত্রা হরিণসহ পাঁচ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (২২ এপ্রিল) দুপুরে শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।আগের দিন শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের দুধমূখী নদীর চাতরা এলাকা থেকে মৃত হরিণসহ আটক করা হয় তাদের।
পূর্ব সুন্দর বন বিভাগের সুপতি স্টেশন কর্মকর্তা মো. শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন, শরণখোলা উপজেলার সোনতলা গ্রামের ছায়েব মল্লিকের পুত্র নুর ইসলাম মল্লিক (৫৫), নেয়ামদ্দিন হাওলাদারের পুত্র ইউসুফ হাওলাদার (৫০), জামাল ভদ্দরের পুত্র সুমন (১৯), কামাল তালুকদারের পুত্র হোসাইন তালুকদার (২০) ও ইউসুপ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (২৫)।

বন বিভাগের সুপতি ষ্টেশন কর্মকর্তা মো. শামসুল আরেফীন জানান, শরণখোলা রেঞ্জের স্মার্ট প্যাট্রলিং টিম ও সুপতি স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহলকালে দুধমূখী নদীর চাতরা এলাকায় তিনটি ডিঙ্গি নৌকা দেখতে পান। এসময় তাদের দেখে পা বাধা অবস্থায় নৌকায় থাকা একটি পুরুষ চিত্রল হরিণ নদীতে ফেলে দেয় শিকারিরা। বনরক্ষিরা দুর থেকে এ দৃশ্য দেখে শিকারিদের কাছে যান। ততক্ষণে হরিণটি পানিতে ডুবে মারা যায়।

পরে নদী থেকে মৃত হরিণটি উদ্ধার করে শিকারিদের আটক করা হয়। আটক শিকারিরা শরণখোলা স্টেশন অফিস থেকে মাছ ধরার পারমিট নিয়ে এক সপ্তাহ আগে সুন্দরবনে প্রবেশ করে। হরিণটির আনুমানিক ওজন ৬০ কেজি। ঈদের ছুটিতে বনরক্ষীদের টহল দুর্বল থাকবে এমন ধারণা নিয়ে শিকারিরা এই অপতৎপরতা চালিয়েছে বলে জানান ওই বন কর্মকর্তা।