পিরোজপুর প্রতিনিধি::পিরোজপুরের কাউখালীতে ঈদের দিন গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

ঘটনার পর কাউখালী উপজেলা প্রসাশন ও শিয়াললকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয়রা জানান, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে শনিবার দিবাগত রাত ১১টার দিকে আজিজ খন্দকারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরলে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল বারেক শিকদারের মুদির দোকান, বশির ডাকুয়াার মোদি মনোহারি দোকান, নজির শিকদারের মোদির দোকান, আজিজ খন্দকারের চায়ের দোকান, সাকাওয়াত শিকদারের পার্টসের দোকান, রতন সুতারের টেইলারের দোকান, মাসুম শিকদারের মুদির দোকান ও নাসির শিকদারের মুদি মনোহারি দোকান। কাউখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মাসুম জানান, আগুনে আনুমানিক প্রায় নয় লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করা হয়েছে।