পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন মোটর সাইকেল দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে এ দুর্ঘটনা ঘটে। জাকারিয়া হোসেন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মো. কবির হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, ঈদের দিন বিকেলে ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সন্ধ্যায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয় জাকারিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, উপজেলার পাড়েরহাট এলাকার জাকারিয়া হোসেন নামে এক কিশোর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।