র‌্যাবের মাঝে গ্রেফতারকৃত আসামি হৃদয়

চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামি হৃদয় (২৭) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) চুয়াডাঙ্গা সদর ধানাধীন হুচুকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, গত ২৫ এপ্রিল ২০২৩ তারিখ বিকেলে আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামের টুপুর মা ছামেনা খাতুন কাপড় ক্রয় করার জন্য চুয়াডাঙ্গা জেলা সদর থানাধীন ভালাইপুর বাজারের মঙ্গল মার্কেটে যায়। সেখানে কাপড় ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে আশরাফুল বস্ত্রালয়ের কর্মচারী রিয়নের সাথে ছামেনা খাতুনের বাকবিতন্ডার সৃষ্টি হয়। ছামেনা খাতুন বাড়িতে গিয়ে বিষয়টি তার ছেলে টিপুকে জানায়। টিপু তার বন্ধু ভিকটিম সজল ও মামুনসহ অন্যদের সাথে নিয়ে একই তারিখ রাতে ভালাইপুর বাজারে গিয়ে কর্মচারী রিয়নকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে টিপুদের সাথে রিয়ন পক্ষের লোকজনদের মধ্যে মারামারি শুরু হয়। এসময় রিয়নের পক্ষের লোকজন ধারালো চাকু, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম সজল ও মামুনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সজলকে মৃত ঘোষণা করেন। তার কিছুক্ষণ পর মামুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভিকটিম মামুনের ভাই স্বপন আলী বাদী হয়ে গত ২৬ এপ্রিল ২০২৩ তারিখ চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম পলাতক আসামী হৃদয় চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন হুচুকপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হৃদয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।