পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবি হয়েছে। এ ঘটনায় বরসহ নিখোঁজ চারজনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে দশমিনার দমকল কর্মীরা ও নৌপুলিশ উদ্ধার অভিযান অবহ্যত রেখেছে। গতকাল শুক্রবার বিকেলে ওই উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দূর্ঘটনা ঘটে।

বরের স্বজন মো. মঞ্জুর এলাহী জানান, কয়েকদিন আগে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদারের সাথে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিবাহ অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে বাড়িতে নিয়ে আসার জন্য দুপুরে কনের বাড়িতে যান। শুক্রবার নববধূ সুমাইয়া এবং বরের সঙ্গে থাকা ১৫ জন আত্মীয়কে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত এবং বরসহ চারজন নিখোঁজ রয়েছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় বর রাব্বি হাওলাদারের ফুপু লিপি বেগম(৩০) মারা গেছেন। লিপি বেগম উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী। এ ছাড়া গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০), মনির হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার(৪০), উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮) নিখোঁজ রয়েছে।

দশমিনা দমকল স্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে দমকল সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও অভিযান চলছে, নিখোঁজ চারজনের কাউকে পাওয়া যায়নি।