অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাদশা মিয়া ফকির নামে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই মৎস্যচাষী। গতকাল রবিবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বাদশা মিয়া ফকির টিহাটী গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে।মৎস্যচাষী বাদশা মিয়া ফকির বলেন, ঘটনার রাতে আমার দুই বিঘা জমির একটি পুকুরে কিছু দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছি।
কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৎস্যচাষী বাদশা মিয়ার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।