পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে অগ্রণী ব্যাংক পুরান বাজার শাখার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, সন্ধ্যায় একটি তেলের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়ে গেছে।
ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা না গেলেও অর্ধশত কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে পটুয়াখালীসহ বরিশালের বাখেরগঞ্জ, বরগুনার আমতলি, পটুয়াখালীর বাউফল ও কলাপাড়ার মোট ৬টি ইউনিটের দমকল কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, আগুন নেভাতে সহায়তা করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তবে পানি সংকটের কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। পাশে অগ্রণী ব্যাংক ছিল ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।