বরিশাল প্রতিনিধি:: ঘূর্ণিঝড় মোখার কারণে বরিশালের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-বরিশাল রুটেরও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশাল নদী বন্দরে এখন ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন রুটের যাত্রীদের নদী বন্দরে এসে ফিরে যেতে দেখা গেছে।
নদী বন্দরে আসা যাত্রী ফিরোজা বেগম বলেন, মেয়ে বাড়ি বেড়াতে এসেছিলাম। এখন বাড়ির যাওয়ার জন্য বন্দরে এসে দেখি সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে আবার মেয়ের বাড়ি ফিরে যাচ্ছি।রবিন নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে ভাষানচরে যাওয়ার জন্য নদী বন্দরে এসেছিলাম। কিন্তু ঘাটে এসে দেখি কোন লঞ্চ যাবে না। এখন বাধ্য হয়ে সড়ক পথে যেতে হবে।
আরেক মেডিকেল কলেজের ছাত্র সাব্বির বলেন, বাড়ি যাওয়ার জন্য সহজে ছুটি মিলে না। অনেক কষ্ট করে আজ ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলাম। কিন্তু লঞ্চ ঘাটে এসে দেখি ঘূর্ণিঝড় মোখার কারণে সব লঞ্চ বন্ধ রয়েছে। এ অবস্থা অনেকটা হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জাগো নিউজকে বলেন, প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকা, যাত্রীবাহী ট্রলারসহ সবাইকে নিরাপদে যেতে বলা হয়েছে। লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নোঙর করার জন্য বলা হয়েছে।বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নদী পথের যাত্রীদের দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএর পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।