চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এর আওতায় বিভিন্ন ইউনিয়নের খামারীদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ ও চরফ্যাসন পৌর এলাকার বাসিন্দা উদ্যোক্তা রফিকুল ইসলামকে নিরাপদে দুধ পরিবহনে ট্যাংকার ভ্যান প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ মে) চরফ্যাসন পৌর এলাকায় পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে দুধওয়ালা ও উদ্যোক্তা রফিকুল ইসলামকে দুধ পরিবহনে ব্যবহৃত ট্যাংকার ভ্যান ও ১১ জন খামারীকে ঘাস ও খড় কাটার মেশিনগুলো প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রধান হিসাব রক্ষক জহিরুল হক নান্টু, সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথসহ সংস্থাটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নিরাপদে দুধ পরিবহনে ট্যাংকার ভ্যান পেয়ে এক
প্রতিক্রিয়ায় উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন, আমি প্রতিদিন সাইকেল ব্যবহার করে চরফ্যাসন পৌর এলাকায় প্রায় এক শত ক্রেতার দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করি, এতে যেমন দীর্ঘ সময়ের দরকার হয়, অন্যদিকে দুধের মান নষ্ট হওয়ার উপক্রম হয়। এখন থেকে এই ট্যাংকার ভ্যানটি ব্যবহার করে প্রায় একশত পঞ্চাশ লিটার দুধ ক্রেতাদের কাছে নিরাপদে দ্রুত সময়ে পৌঁছাতে পারবো। তিনি এজন্য পরিবার উন্নয়ন সংস্থাসহ (এফডিএ) সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান।