অনলাইন ডেস্ক::ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাসপাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (২০), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও সর্দারপাড়া মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০)।এলাকাবাসী জানায়, হোসাইন সর্দার এইচএসসি পাস করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে চেয়েছিলেন। জোবায়ের ব্যবসা করেন আর নাহিদ বাড়িতে থাকেন। হুসাইন তার পিতা-মাতার একমাত্র সন্তান, জুবায়ের তিন ভাইয়ের ছোট এবং নাহিদ দুই ভাই ও তিন বোনের মধ্যে ছোট। এরা সবাই অবিবাহিত।
নিহতদের বাড়িতেই শুধু নয়, বাগাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শত শত লোক আসছে নিহতদের একনজর দেখার জন্য। স্বজন আর এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠছে বাতাস।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়ে ছিল। কামারখালী ঋষি বটতলা মেলা থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যান। এ সময় মাগুরামুখী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
এতে গুরুতর আহত হন তারা। এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজন বন্ধু।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, রাতে হাসপাতালে পৌঁছে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।
হাইওয়ে পুলিশের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুর রহমান বলেন, রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতদের নামে নিয়মিত মামলা হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার আছর নামাজ বাদ বাগাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাগাট কেন্দ্রীয় গোরস্তানে তাদের লাশ দাফন করা হবে।