বরিশাল প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে নবম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ধর্ষকের নাম আলমগীর হোসেন (৫২)। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার মৃত আ. রশিদ সিকদারের ছেলে এবং ভিকটিমের বাবার মামাতো ভাই। ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান। তিনি বলেন, রোববার সকালে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর। এ সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো মাদরাসাছাত্রী। গত ২২ মার্চ মাদরাসাছাত্রীর মা গোসল করতে যায়। এ সময় আলমগীর ছাত্রীর মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। কারো কাছে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।পরিদর্শক তৌহিদুজ্জামান আরও বলেন, কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণের কথা জানায় কিশোরী। বর্তমানে ওই ছাত্রী চারমাসের অন্তঃসত্ত্বা। এরপর শনিবার (২০ মে) রাতে মাদরাসাছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করে। রোববার (২১ মে) সকালে আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।