অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ সন্ন্যাসী সেজে এক আসামীকে আটক করেছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে ভিক্ষুক সন্ন্যাসী সেজে ওই আসামীর বাসায় হাজির হন পুলিশের দুই সদস্য। বাঁশতৈল ইউনিয়নের আসামীর বাসা থেকে তাকে আটক করা হয়।জানাযায়, ডান হাতে ত্রিশূল ও বাম হাতে ঘটি (কলস) নিয়ে পুলিশের দুই সদস্য সাজাপ্রাপ্ত আসামীর বাসায় হাজির হোন। সকাল সকাল ভিক্ষু সন্ন্যাসী সেজে আসামীকে আটক করেন মির্জাপুর থানার এসআই রামকৃষ্ণ। তার সহযোগী হিসেবে ছিলেন কনস্টেবল মো. দেলোয়ার হোসেন।

এসআই রামকৃষ্ণ জানান,কোর্টের দুইটি মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভুক্ত) আসামী হোসনে আরা। মামলার পর থেকেই পুলিশের ভয়ে বিভিন্নস্থানে রাত্রিযাপন করেন। দিনের বেলায় বাসায় থাকলেও প্যান্ট, শার্ট পরিহিত যেকোনো মানুষের উপস্থিতি টের পেলেই সে আত্মগোপনে যেতো। তাই তাকে আটকের জন্য বিকল্প পন্থা অবলম্বন করেন মির্জাপুর থানার এসআই রামকৃষ্ণ। রোববার দুপুরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।