বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০ বস্তা চাল বসতঘর থেকে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন জেলেদের চাল বিতরণ না করে ভ্যান করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জব্দ করে। খবর পেয়ে গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামিয়া ইউনিয়নের সুবিধাভোগী জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০ কেজি বস্তার ১০ বস্তা চাল স্থানীয়রা ভ্যান আটকে রাখে।
তবে চাল অন্যত্র বিক্রির সময় স্থানীয়রা ভ্যান আটকে রাখে। ঘটনার তিন ঘন্টা পরেও প্রশাসনের কর্তা ব্যাক্তিরা উপস্থিত হয়নি। এ নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউপি সদস্য মো. শাহীন বিষয়টি অস্বীকার করেছেন।তিনি প্রথমে বলেন, তার ওয়ার্ডের সকল চাল ইতিপূর্বে বিতরণ সম্পন্ন হয়েছে; আবার বলেন অর্ধেক সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ হয়েছে। কিছুক্ষণ পর বলেন চাল আদৌ বিতরণ করিনি কাল করবো।
তার কাছে মাস্টাররোল চাইলে তিনি সর্বশেষ বলেন, মাস্টাররোল ইউপি সচিবের কাছে। তিনি ইউপি কার্যালয়ে নেই এবং আসতেও পারবেন না।
এ বিষয়ে মোকামিয়া ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ বলেন, জেলেদের চাল আজ সারাদিন মোকামিয়ার বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। কোন ইউপি সদস্য যদি এই চাল বিক্রি করে থাকে তবে এর দায়ভার ইউপি পরিষদ নিবে না।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘জেলেদের ভিজিএফের মজুতকৃত চাল বিতরণ করা হয়েছে। সরকারি চাল বিক্রি করে থাকলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’