বিজিবির অভিযানে জব্দকৃত আলামতসহ আটক হওয়া ৪ আসামি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল। আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৭) একই গ্রামের তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ কাজী (২১) এবং নড়াগাতী থানাধীন খাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের সহযোগিতায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান গ্রহণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩২-৭৮০০) হাসাদাহ বাসস্ট্যান্ডের স্পিডব্রেকার পার হওয়ার সময় বিজিবির টহল দল গাড়িটির গতিরোধ করে চারজনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যমতে গাড়িটির পিছনের সিটের নিচ হতে ১৪টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। এসময় আরও জব্দ করা হয় একটি প্রাইভেটকার এবং ৬টি মোবাইল ফোন। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৭৫১ টাকা।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।