অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ডেকে নিয়ে তরুণীর সাথে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
রবিবার (১১ জুন) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. ইমন (২১) ও একই গ্রামের তাজুল ইসলাম সজিব (২০)।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক নাজিম উদ্দিন জানায়, নোয়াখালী পুলিশ সুপার বরাবর এক তরুণ তাদের বিরুদ্ধে অভিযোগ করে। তার কাছ থেকে নগদ এক লাখ ১০ হাজার টাকা আদায় করে চক্রটি। পরবর্তীতে আরো চাঁদা দাবি করে।পরে বিষয়টি পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত দুই তরুণকে আটক করে।