নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা): চরফ্যাসন নীলিমা জ্যাকব কলেজে মাসব্যাপী গ্রন্থপাঠ কার্যক্রম শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১০ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে নীলিমা জ্যাকব কলেজের সার্বিক ব্যবস্থাপনায় কলেজ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক সাংবাদিক ও কবি মিনার মনসুর বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে নতুন প্রজন্মের মাঝে বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস ঐতিহ্যের সাথে তথ্য প্রযুক্তির সমন্বয় করে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়ার পথ মসৃণ হবে।
অনুষ্ঠানে নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক ইনামুল হক, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন । পরে বিজয়ী ১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্পন্ন হয়।