অনলাইন ডেস্ক:: আসন্ন কোরবানি ঈদের জন্য প্রাণিসম্পদ দপ্তরের শ্রেষ্ঠ পুরষ্কারপ্রাপ্ত প্রায় ৩০ মণ ওজনের ‘কালো মানিক’র দাম ১২ লাখ টাকা হেঁকেছেন গরুর মালিক। কালো মানিককে গত চার বছর ধরে কোনো কেমিক্যাল মিশ্রিত খাদ্য বা ইনজেকশন বিহীনভাবে প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার এই পশুটি কোরবানির ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহৎ আকৃতিতে বেশ আলোচিত।

চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের মুন্সিপাড়ার আরাফাত মোল্লার খামারের কালো মানিককে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য ক্রেতারা ও উৎসুক জনতা দেখতে আসছেন।আরাফাত মোল্লা জানান, কালো মানিক প্রায় পাঁচ ফুট ৯ ইঞ্চি উচ্চতা ও ১০ ফিট লম্বা। ৩০ মণ ওজনের বৃহৎ আকৃতির পশুটির দাম ইতিমধ্যে সাড়ে ৯ লাখ উঠেছে। ১২ লাখ টাকায় তিনি বিক্রি করবেন।
আরাফাত মোল্লা আরো জানান, আচরণে শান্ত স্বভাবের এই ফ্রিজিয়ান গরুটিকে চার বছর ধরে নিজ খামারে লালন-পালন করেছেন।গায়ের রং কালো হওয়ায় গরুটির নাম কালো মানিক রাখা হয়েছে। কাঙ্ক্ষিত মূল্য পেলে তিনি নিজ খরচে গরুটিকে ক্রেতার বাড়িতে পৌঁছে দেবেন বলে জানান।