মরদেহ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ জুন) রাত ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন দর্শনা জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্যের একটি দল।
স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার (২৫ জুন) বিকালে খুলনাগামী ৭২৮ ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনটি উথলী এলাকা অতিক্রম করার পর উথলী ঘোড়ামারা রেলগেটের অদূরে ৭১ ও ৭২ নং পুলের মাঝামাঝি স্থানে রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে মাথা ফেটে যেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বেশভূষা দেখে মনে হচ্ছে তিনি মানসিক রোগী ছিলেন।
মরদেহ পড়ে থাকার কথা শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই মরদেহটি সনাক্ত করতে পারেননি। খবর পেয়ে রবিবার রাত ৯টার দিকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন দর্শনা জিআরপি ফাঁড়ির এসআই আতাউর রহমান। এর আগে রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানা পুলিশ।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।