অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের চিলমারীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জুন) সকালে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দী ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঠুষমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টায় গ্রামের শতাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করেন।পরে পশু কোরবানিও দেন। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামের কয়েকটি পরিবার এ নামাজ আদায় করেন। সেখানে নারীদেরও নামাজের ব্যবস্থা ছিল বলে জানা গেছে। ঈদের নামাজের ইমামতি করেন মাও. সাইদুর রহমান।
এই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, জাহিরুল, ছক্কু মিয়া জানান, প্রতি বছরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রোজা এবং দুটি ঈদই পালন করি।ঢুষমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কয়েক বছর দক্ষিণ নটারকান্দী এলাকার বেশ কয়েকটি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। আজও তারা ঈদুল আজহার নামাজ ও কোরবানি করেছেন।কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, চিলমারীসহ জেলায় পাঁচটি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুসল্লিরা সুষ্ঠুভাবে নামাজ আদায় করেছেন।