অনলাইন ডেস্ক:: ফেনীতে সেচ প্রকল্পের ট্রান্সফরমার চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তারা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ জিসাদ (৩২), তিতাস থানার মো. মনির হোসেন (৫১), ওমর ফারুক (১৯), ফেনী শান্তি কোম্পানি সড়কের মো. জাহিদ হাসান ফরহাদ (৩২), চট্টগ্রামের ভুঝপুর থানার মো. সোহেল (২৫), কুমিল্লার তিতাসের মো. সেলিম (২৮), একই এলাকার মো. সুমন (৩৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আমজাদ হোসেন (৩৪), ফেনীর চাড়িপুরের আবদুল মান্নান (৪৮), কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি গ্রামের মো. বেলাল (৩৮)।
এ সময় চোরাইকৃত ৪৫ কেজি তামার তার এবং চোরাই কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তাদের থেকে ১০টি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বুধবার দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য জানান।পুলিশ জানায়, গত বেশ কিছুদিন থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী থানায় পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের জন্য নদীর পাড়ে লাগানো ১৮৭টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরের দল। এতে বিগত সেচ মৌসুমে মোটর দিয়ে পানি তুলতে না পেরে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এসব চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানার চুরির মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একটি চোর চক্রকে শনাক্ত করে গ্রেফতার অভিযান শুরু করে। এতে ১০ জন গ্রেফতার হলেও চোর চক্রের আরো বেশ কিছু সদস্যকে এখনো গ্রেফতার করা যায়নি। চোর চক্রের এসব সদস্য পুলিশি অভিযানের খবর পেয়ে আত্মগোপন করে।ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, তাদেরকে গ্রেফতার অভিযান অব্যহত আছে। অচিরেই চোর চক্রের সব সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।