ফাইল ছবি!

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন ও রাজন হোসেন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার আক্তার হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেল থেকে আরোহীরা সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।