ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণকৃত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটে। ঐ স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নামে দুইটি জাহাজ নোঙর করা ছিল।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশসহ বেশ কয়েকজন দগ্ধসহ হতাহতের শঙ্কা করা হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণকৃত জাহাজ থেকে বাকি তেল অপসারণ করার সময় পুনরায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চেষ্টা করছে। দগ্ধদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।