গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মমিন (৪০)। তিনি রাজবাড়ীর কালুখালীর বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪০), মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার (২৮)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক।তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।তিনি আরো বলেন, খুলনা থেকে চারজন রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ট্রাকটি ঢাকা থেকে একটি এক্সকাভেটর (ভেকু মেশিন) বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।