বরগুনা প্রতিনিধি:: বরগুনার বামনায় ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলায় আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন-এএসআই লিটন ও কনস্টেবল তরিকুল।

এসময় পুলিশ বামনার বুকাবুনিয়া গ্রামের কালাম জোমাদ্দারের ছেলে নাজমুল হোসেন (৩২), নিজআমতলী গ্রামের স্বপন জোমাদ্দাদের ছেলে মাহমুদ (১৬) ও গনি জোমাদ্দারের ছেলে মো. জনিকে (১৬) গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে পুলিশ ১৯ পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজআমতলী এলাকার মূল সড়ক থেকে ইয়াবা কেনাবেচার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।