ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৯ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় হাবিব হাওলাদার (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।রোববার রাতে নলছিটির মগড় এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি হাবিব হাওলাদারকে গ্রেফতার করে সকালে থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আতাউর রহমান।

শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই তরুণীর বড় ভাই থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতার হাবিব হাওলাদার কুশঙ্গল ওই এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে।মামলা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই তরুণী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে তরুণীকে ধর্ষণ করেন হাবিব।

এ সময় তরুণীর ডাক চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যান। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ তরুণীকে উদ্ধার করে।নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, রোববার সকালে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেছেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে আসামি হাবিবকে গ্রেফতার করে। সোমবার সকালে থানায় সোপর্দ করলে তাকে আদালতে প্রেরণ করা হয়।