গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে ভ্রাম্যমাণ ছিনতাইকারীদের হাতে মোমেন শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহানগরের হানকাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোমেন শেখ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ছাতীয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মোমেন শেখ চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে অটোভ্যানে বাড়ি যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যানে করে ৪/৫ জন যুবক এসে পথরোধ করেন। এ সময় টাকা না পেয়ে তারা ধারালো লোহার শিক দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মোমেন ঘটনাস্থলেই মারা যান।নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, আমার ভাই ভ্যানে করে ফল বিক্রি করতেন। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে ফল কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। শুক্রবার ভোর ৪টার দিকে ফল কিনতে বাড়ি থেকে বের হন। তার কাছে টাকা ছিলো এটা হয়তো কোনো মাধ্যমে ছিনতাইকারী চক্র জানতে পেরেছিল। মারা যাওয়ার পর ভাইয়ের কোমরে দেখতে পাই, টাকা বাঁধা রয়েছে। এই টাকা না পেয়েই তারা ভাইকে হত্যা করেছে।
অটোচালক মাহবুব হোসেন জানান, আমরা চৌরাস্তা ফলের আড়ত থেকে ফল নিয়ে বাড়ি যাচ্ছিলাম। এ সময় হানকাটা ব্রিজে এসে পৌঁছলে হঠাৎ একটি পিকাআপে করে কয়েকজন যুবক এসে তাকে আটকে দেয়। পরে তারা মোমেন ভাইয়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে তারা মোমেন ভাইয়ের বুকে ও পেটে লোহার শিক ঢুকিয়ে দেয়। এ সময় পেছন থেকে একটি ট্রাক আসতে দেখে তারা দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।