ভোলা প্রতিনিধি:: ভোলায় চাঁদাবাজি মামলায় জাকারিয়া হোসেন অমি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাকারিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন।মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে লঞ্চঘাটের ম্যানেজার মো. মহসিন ঘরামি ছাত্রলীগ নেতা জাকারিয়াকে নগদ ২ লাখ টাকা দেন। বাকি ৩ লাখ টাকার জন্য ছাত্রলীগের এ নেতা ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন। কোনো উপায়ন্তর না পেয়ে ঘাট ম্যানেজার শুক্রবার সকালে ছাত্রলীগ নেতাকে জাকারিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা করে।

জানা গেছে, ছাত্রলীগের এ নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ( বিআইডব্লিউটিএ) এর জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করে আসছে। ২০১৯ সালে ছাত্রলীগের এ নেতাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, চাঁদাবাজির মামলায় দুপুরে শহরের গাজীপুর রোড থেকে ছাত্রলীগ নেতা জাকারিয়াকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।